ঢাকা, সোমবার   ২৩ মার্চ ২০২৬

ইরানের বিদ্যুৎ-জ্বালানি স্থাপনায় হামলা ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০০, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ২০:১৩, ২৩ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্য সংঘাতের ‘পূর্ণাঙ্গ ও সার্বিক সমাধান’ নিয়ে ইরানের সাথে ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে। পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোর ওপর কোনো ধরনের হামলা স্থগিত রাখবেন তিনি।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে তিনি এসব তথ্য জানিয়েছেন।

পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, যুক্তরাষ্ট্র এবং ইরান গত দুই দিন ধরে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতার সম্পূর্ণ ও সার্বিক সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ আলোচনা করেছে।”

তিনি আরও বলেন, “এই গভীর, বিস্তারিত এবং গঠনমূলক আলোচনার উপর ভিত্তি করে আমি যুদ্ধ বিভাগকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে সব ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি, যা চলমান সভা ও আলোচনার সাফল্যের উপর নির্ভরশীল।”

ওই আলোচনা সপ্তাহজুড়ে চলবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

যদিও ট্রাম্পের উল্লেখ করা আলোচনার বিষয়ে ইরানের তরফ থেকে এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ইরানের রাজধানী তেহরান এবং বিভিন্ন শহরে বিমান হামলার অসংখ্য খবর পাওয়া গেছে। বিভিন্ন আলোকচিত্র এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে ধারণা করা হচ্ছে যে, কিছু হামলা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছে।

সাথে বড় ধরনের বিস্ফোরণের খবরও পাওয়া যাচ্ছে। এর মধ্যে দক্ষিণ ইরানের খারগ এবং কিশ দ্বীপপুঞ্জ থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সাথে তেহরানের বিমান বাহিনী এলাকা থেকেও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে যে, নৌবাহিনী বন্দর আব্বাসে দুটি মার্কিন আত্মঘাতী কম্ব্যাট ড্রোন ধ্বংস করেছে।

ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশনের ইংরেজি ভাষার চ্যানেল 'প্রেস টিভি' জানিয়েছে যে, কুয়েতে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

এ দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে প্রেস টিভিতে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি